ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশনা অনুযায়ী হিসাব করা ব্যালেন্স অব পেমেন্টস ম্যানুয়াল–৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, প্রচলিত হিসাব পদ্ধতিতে বা গ্রস রিজার্ভ হিসেবে দেশের রিজার্ভের পরিমাণ রয়েছে ৩৫ হাজার ৪৮৭ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যবহৃত বিপিএম–৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ কিছুটা কম দেখানো হয়, কারণ এতে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় ও অন্যান্য সমন্বয় বিবেচনায় নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আমদানি ব্যয় পরিশোধ, বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ এবং বাজারে ডলারের তারল্য বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের মধ্যেও রিজার্ভ বর্তমানে ৩০ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, রফতানি আয়, প্রবাসী আয় (রেমিট্যান্স) এবং বৈদেশিক ঋণ প্রবাহ রিজার্ভের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ও রফতানি আয় কিছুটা বাড়ায় রিজার্ভে স্থিতিশীলতা বজায় রয়েছে।
তবে আমদানি ব্যয় এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপ অব্যাহত থাকায় রিজার্ভ ব্যবস্থাপনায় সতর্কতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।