ঢাকা: চলতি বছরের জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে দেশের ভেতরে ও বাইরে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে। ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেনসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৪৬৩ কোটি টাকা খরচ করেছিল। আর পরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছে ৩৭৭ কোটি টাকা। সেই হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের লেনদেন কমেছে ৮৬ কোটি টাকা।
ক্রেডিট কার্ডের মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিদেশে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৫৪ কোটি ৩ লাখ টাকা। এরপর থাইল্যান্ডে ৫০ কোটি ৪ লাখ টাকা, যুক্তরাজ্যে ৩০ কোটি ৪ লাখ টাকা, সিঙ্গাপুরে ৩২ কোটি ৪ লাখ টাকা, মালয়েশিয়ায় ২৩ কোটি টাকা, ভারতে ২৫ কোটি টাকা, নেদারল্যান্ডে ১৭ কোটি, সৌদিতে ২৮ কোটি, কানাডায় ১১ কোটি, অস্ট্রেলিয়ায় ১৬ কোটি, ইউএই ১৫ কোটি, আয়ারল্যান্ড ১৩ কোটি ও অন্যান্য দেশে ৫৭ কোটি টাকা খরচ হয়েছে।
অপরদিকে, বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত খরচ করছেন, সেই তথ্যও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছিল ৩৪৪ কোটি ৪ লাখ টাকা। আর পরের ফেব্রুয়ারি মাসে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ২৬৬ কোটি ৬ লাখ টাকা। সেই হিসাবে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে বিদেশিরা বাংলাদেশে কম খরচ করেছে ৭৮ কোটি টাকা।
এ ক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ৮৬ কোটি ৯ লাখ টাকা। এরপর মোজাম্বিকের নাগরিকরা ৩৫ কোটি টাকা খরচ করেছে। যুক্তরাজ্যের নাগরিকরা ২৪ কোটি টাকা খরচ করেছেন। অস্ট্রেলিয়ার নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ৯ কোটি ৬ লাখ টাকা।
চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে দেশের ভেতরও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে। জানুয়ারিতে দেশের ভেতর খরচ হয়েছিল ৩ হাজার ৭২০ কোটি টাকা। আর পরে ফেব্রুয়ারিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ হয়েছে ৩ হাজার ৪২২ কোটি টাকা। সেই হিসাবে ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ কম হয়েছে ২৯৮ কোটি টাকা।