Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে এটিএম-এমএফএস সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৮:১৯

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এটিএম, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ইন্টারনেট ব্যাংকিং, কিউআর কোড ও অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এটি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখতে হবে। এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কারিগরি ত্রুটি দ্রুত সমাধান এবং নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের এটিএম বুথ পরিদর্শনের কথাও বলা হয়েছে।

বিজ্ঞাপন

পয়েন্ট অব সেলস (পিওএস) ও কিউআর কোডভিত্তিক লেনদেনও সার্বক্ষণিক সচল রাখতে হবে। একই সঙ্গে জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে বলা হয়েছে।

ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ)’ বাধ্যতামূলকভাবে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ‘৮৫’ রেসপন্স কোডযুক্ত লেনদেনের ক্ষেত্রে সেটেলমেন্ট রিপোর্ট পাওয়ার পর তাৎক্ষণিকভাবে গ্রাহকের হিসাবে অর্থ জমা করতে হবে।

এমএফএস সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার পাশাপাশি এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সব ধরনের ইলেকট্রনিক লেনদেনের তথ্য তাৎক্ষণিক এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। গ্রাহক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর