চট্টগ্রাম: জেলা বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সম্ভাব্য লাভ-ক্ষতি নিয়ে সরকারের সঙ্গে জাতীয় পর্যায়ে সংলাপের আহ্বান জানিয়েছেন ‘চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি’।
রোববার (২০ সেপ্টেম্বর) ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান। চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয় ফেডারেশন ও বেসিক ইউনিয়নগুলোর সঙ্গে এ সভার আয়োজন করে।
চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার-এর সভাপতিত্বে ও কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, এনসিটি ইজারা দেওয়া হলে দেশের কী ধরনের সুবিধা হবে এবং সম্ভাব্য কী ক্ষতি হতে পারে- তা নিয়ে সরকারকে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে এ বিষয়ে জাতীয় পর্যায়ে সংলাপ আয়োজনের প্রয়োজন রয়েছে।
তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রফতানি বাণিজ্যের প্রধান কেন্দ্র। এর সঙ্গে জাতীয় অর্থনীতি ও বিপুলসংখ্যক শ্রমিকের স্বার্থ জড়িত। তাই বন্দরের ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় জাতীয় স্বার্থের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও স্বার্থকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সভা থেকে আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা জানান, তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। তবে দাবি আদায়ে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা। প্রয়োজনে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় আলোচনায় অংশ নেন- টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন ও সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।