ঢাকা: বিদেশি এক্সচেঞ্জ হাউস এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (আইএমটিও)-এর মাধ্যমে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স সরাসরি প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) হিসাব এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৈদেশিক মুদ্রায় সঞ্চয় বৃদ্ধি এবং রেমিট্যান্স গ্রহীতাদের সুবিধা বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক জারি করা এক সার্কুলারে জানিয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালার পরিপালন নিশ্চিত করে বৈদেশিক মুদ্রা আমানতের প্রবাহ আরও সহজ ও কার্যকর করার উদ্দেশ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত বিধান অনুযায়ী ব্যাংকিং চ্যানেলে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার অন্তর্মুখী রেমিট্যান্সের বিপরীতে পিএফসি ও এনএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করার সুযোগ ইতোমধ্যে বিদ্যমান রয়েছে।
নতুন ব্যবস্থার আওতায়, বিদেশি এক্সচেঞ্জ হাউস এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (আইএমটিও)-এর মাধ্যমে প্রেরিত বৈদেশিক মুদ্রার রেমিট্যান্সও এখন থেকে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে পিএফসি ও এনএফসিডি হিসাবে জমা করা যাবে। এ ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালার প্রযোজ্য শর্ত ও পরিপালন নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে রেমিট্যান্স গ্রহীতা এবং প্রবাসী বাংলাদেশিরা বৈদেশিক মুদ্রা হিসাব পরিচালনার ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ের সুযোগ সম্প্রসারিত হবে এবং বৈধ চ্যানেলে প্রবাসী আয় ব্যবহারের ক্ষেত্রে আরও নমনীয়তা সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সুবিধা বিশেষ করে সেসব প্রবাসী বাংলাদেশির জন্য সহায়ক হবে, যারা কর্মরত দেশে নিজস্ব ব্যাংক হিসাব পরিচালনা করেন না। তারা এখন বিদেশে অর্জিত আয়ের একটি অংশ বাংলাদেশে বৈদেশিক মুদ্রা হিসাবে সংরক্ষণ করার সুযোগ পাবেন।