ঢাকা: ভারসাম্যপূর্ণ হরমোন নিশ্চিত করতে সঠিক জীবন-যাপন অপরিহার্য। হরমোনজনিত রোগসমূহ নির্ণয় করে যথাযথ চিকিৎসাসেবা দিতে হবে। হরমোনের বিষয়টি মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে প্রভাবিত। মানবদেহের সঠিক ক্রিয়াকলাপ নিশ্চিত করতে ভারসাম্যপূর্ণ হরমোন বজায় রাখার কোনো বিকল্প নেই।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউতে) আয়োজিত ‘ওয়ার্ল্ড হরমোন ডে ২০২৬’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে মানবদেহে হরমোনের সঠিক ভারসাম্য রক্ষা, মানবদেহ ও বিভিন্ন রোগ হরমোনের বিস্তর প্রভাব সম্পর্কে জানাসহ জটিল হরমোনজনিত রোগ নির্ণয় ও চিকিৎসার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, মানবদেহের বিভিন্ন সিস্টেম, অঙ্গপ্রত্যঙ্গে হরমোনের গভীর প্রভাব রয়েছে এবং অনেক রোগও এই হরমোন দ্বারা বিশেষভাবে প্রভাবিত। চিকিৎসকদের নিত্যদিনের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটা মোকাবিলা করতে হয়। হরমোনের বিষয়ে জনসাধারণ এবং চিকিৎসক সকলেরই আরো জ্ঞান অর্জনসহ সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
সেমিনারে এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. শারমিন জাহান ‘অ্যান্ডোক্রাইন জেমস: লেশনস ফর্ম মোস্ট চ্যালেঞ্জিং কেসেস’ উপস্থাপনায় বিভিন্ন জটিল হরমোনজনিত রোগ নির্ণয়ের বিষয়ে দিকনির্দেশনা দেন।
অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা তার ‘হরমোন ম্যাটারস: অ্যান্ডোক্রাইন হেলথ অ্যাক্রোস দ্যা লাইফ স্পান’ উপস্থাপনায় বলেন, জীবনের প্রতিটা স্তরে হরমোনের প্রয়োজন অপরিহার্য। মানুষের বৃদ্ধি, বুদ্ধিমত্তা, বিপাকক্রিয়া, বংশবৃদ্ধি ও সকল কাজ সুচারুরূপে সম্পাদনের জন্য প্রয়োজন হরমোনের সঠিক ভারসাম্য। যদি হরমোন ভারসাম্যহীন হয়ে যায়, শরীরবৃত্তীয় কাজ সঠিকভাবে হবে না। হরমোনজনিত উল্লেখযোগ্য রোগগুলো হলো ডায়াবেটিস, থাইরয়েড, উচ্চতাজনিত সমস্যা, বন্ধ্যাত্ব, বয়োসন্ধির বিভিন্ন সমস্যা। তাই রোগ মুক্ত থাকাসহ সুস্থ জীবনের জন্য হরমোনের সঠিক ভারসাম্য নিশ্চিত করা জরুরি।
ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার সাব কমিটির সভাপতি ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহাবুব মুর্শেদ (মামুন) এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপকা ডা. মো. নজরুল ইসলাম।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপকা ডা. সৈয়দ আকরাম হোসেন, নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ আল্লাম চৌধুরী, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সাইফূল ইসলাম, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. ফারিয়া হাসিন, নিউরোসার্জন সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, উপ-রেজিস্ট্রার আইন সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, উপাচার্যের একান্ত সচিব মো. লূৎফর রহমান সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা।