ঢাকা: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭৭টি শিশু।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৭৭ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৮৮ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৬৫ শিশু মারা গেছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৫১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮২৬। এই সময়ে ৭২৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২৩ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৭ হাজার ৯০৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৮৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৪ হাজার ১৮৮ রোগী, যাদের মধ্যে ৫০ হাজার ৯২৬ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।