বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে রাশিয়ার জন্য টোল-ফ্রি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। শুক্রবার (২৪ এপ্রিল) মস্কোতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সংবাদ সংস্থা আরআইএ দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
কাজেম জালালি বলেন, ‘ইরান বন্ধুত্বপূর্ণ কিছু দেশের ক্ষেত্রে হরমুজ প্রণালির টোল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে- যেমন রাশিয়া।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে কী হবে আমি জানি না। তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য, যেমন রাশিয়ার জন্য- এই ছাড় প্রয়োগের চেষ্টা করছে।’ তবে আর কোন কোন দেশ এই বন্ধুত্বপূর্ণ তালিকায় আছে— তা অবশ্য বলেননি কাজেম জালালি।
৮ এপ্রিল ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, তেহরান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটের ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করছে এবং জাহাজগুলোকে আগে থেকেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে টোল পরিশোধের ব্যবস্থা করতে এবং তা ক্রিপ্টোকারেন্সি বা চীনা ইউয়ানে পরিশোধ করতে নির্দেশ দিচ্ছে।
১৯ মার্চ আধা-সরকারি আইএসএনএ সংবাদ সংস্থা জানায়, ইরান এমন আইন প্রণয়নের কথা বিবেচনা করছে, যার মাধ্যমে এই কৌশলগত সামুদ্রিক পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য দেশগুলোকে ফি পরিশোধ করতে হবে।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বাড়িয়েছে।
এদিকে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছেন এবং বলেছেন, তেহরান একটি “সমন্বিত প্রস্তাব” উপস্থাপন না করা পর্যন্ত এটি বহাল থাকবে।