Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের মতো’ কাজ করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২৬ ১৯:৪৪ | আপডেট: ২ মে ২০২৬ ১৯:৪৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দর অবরোধের মধ্যে জাহাজ জব্দ মার্কিন নৌবাহিনী সমুদ্রে ‘জলদস্যুর মতো’ কাজ করছে।

শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক সমাবেশে মার্কিন নৌবাহিনী সামরিক অভিযানের বর্ণনা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা… এর (জাহাজ) ওপর নেমে পড়ি এবং জাহাজটি দখলে নিই। আমরা কার্গো দখলে নিই, তেল দখলে নিই। এটি খুবই লাভজনক ব্যবসা।’

জনতা উল্লাস করলে তিনি আরও বলেন, ‘আমরা যেন জলদস্যুর মতো। কিছুটা জলদস্যুর মতোই। তবে আমরা কোনো খেলা করছি না।’

এর আগে ইরানি অপরিশোধিত তেল বহন করছে বলে সন্দেহে দুটি ট্যাংকার জব্দ করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটি এই পদক্ষেপকে ‘সমুদ্রপথে সশস্ত্র ডাকাতি’ হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই অভিযান জলদস্যুতাকে বৈধতা দেওয়ার শামিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিশ্ব এখন ‘জলদস্যুদের প্রত্যাবর্তন’ প্রত্যক্ষ করছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতদিন তাদের বন্দর অবরোধ অব্যাহত রাখবে, ততদিন তারা প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখবে।

অন্যদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে এরইমধ্যে ৪৫টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীপিট হেগসেথ বলেছেন, ‘এই অবরোধ যতদিন প্রয়োজন ততদিন চলবে।’

এছাড়া যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, ইরানের বন্দরগামী বা সেখান থেকে আসা সব জাহাজের ওপরই এই অবরোধ প্রযোজ্য হবে।