Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নার্গিস মোহাম্মদীর শারীরিক অবস্থা সংকটাপন্ন

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৬ ১২:২৮ | আপডেট: ৩ মে ২০২৬ ১৬:৫৫

নার্গিস মোহাম্মদী।

নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী কারাগারে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার পরিবার পরিচালিত ‘নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন’ জানিয়েছে, হৃদরোগজনিত কারণে কারাগারে তিনি দু’বার সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এর পরেই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে তার তিনবার এনজিওপ্লাস্টি করা হয়েছিল। কারা চিকিৎসকরা তাকে সামলাতে না পেরে শেষ মুহূর্তে অনেকটা নিরুপায় হয়েই হাসপাতালে পাঠিয়েছেন। পরিবারের আশঙ্কা, এ স্থানান্তর হয়তো অনেক দেরি হয়ে গেছে।

শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫৪ বছর বয়সী মোহাম্মদী গত মার্চের শেষের দিকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। কারাগারের চিকিৎসাব্যবস্থা তার প্রয়োজনীয়তার তুলনায় একেবারেই অপর্যাপ্ত বলে অভিযোগ করেছেন তারা।

বিজ্ঞাপন

নারীদের অধিকার রক্ষা এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন নার্গিস মোহাম্মদী। গত কয়েক দশকে তাকে বহুবার গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সাড়ে সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন। ইরান সরকারের সমালোচনা করার দায়ে ১৯৯৮ সালে তিনি প্রথমবার জেলে যান। মানবাধিকার আইনজীবী খসরু আলিকোর্দি’র রহস্যজনক মৃত্যুর প্রতিবাদ করায় গত ডিসেম্বরে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।

প্রসিকিউটরদের দাবি, তিনি আলিকোর্দির স্মরণসভায় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

সারাবাংলা/ইআ