Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সমঝোতার পথে’ ইরান-যুক্তরাষ্ট্র, খুলছে হরমুজ প্রণালি

আর্ন্তজাতিক ডেস্ক
৭ মে ২০২৬ ০৮:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে তার ‘খুব ভালো আলোচনা’ হয়েছে এবং ‘একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি’। এদিকে, তেহরান যুক্তরাষ্ট্রের একটি শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে, যা সূত্রমতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটাবে।

এই শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বুধবার (৬ মে) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।

পাকিস্তানি সূত্রটি রয়টার্সের কাছে খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

‘অ্যাক্সিওস’ তার প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই হোয়াইট হাউস মনে করছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি সমঝোতায় পৌঁছাতে পারছে।

শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানি সূত্রটি রয়টার্সকে বলেছে, ‘আমরা খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি টানব। আমরা (সমঝোতার) একেবারে কাছাকাছি পৌঁছে গেছি।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়ে ট্রাম্প বুধবার এও বলেছেন, ইরানের উচিত তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া। আলোচনা ভেস্তে গেলে তিনি ফের বোমা হামলা চালানোর হুমকিও দিয়েছেন।

ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘দেখুন, ব্যাপারটা খুব সহজ। ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, কারণ তারা যতই শক্তিশালী হোক না কেন, আমরা তাদের বাঁচিয়ে রাখতে চাই। আমরা আপনাদের সবাইকে বাঁচিয়ে রাখতে চাই,।’

মার্কিন সংবাদমাধ্যম পিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, আগামী সপ্তাহে তার নির্ধারিত চীন সফরের আগে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘আমি মনে করি, এর অবসান ঘটার খুব ভালো সম্ভাবনা আছে, আর যদি এর অবসান না হয়, তাহলে আমাদের আবার তাদের ওপর নির্বিচারে বোমা বর্ষণ শুরু করতে হবে।’

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার খবরকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে কূটনৈতিক বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে।

অন্যদিকে, অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের পক্ষ থেকে জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতর বা হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সম্ভাব্য এ চুক্তির শর্তাবলি সম্পর্কে অ্যাক্সিওস বলেছে, চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে সম্মত হবে।

বিজ্ঞাপন

আজ বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়
১২ অক্টোবর ২০২৬ ১১:৫২

সেভ দ্য চিলড্রেনে কাজের সুযোগ
১২ অক্টোবর ২০২৬ ১১:৩৮

আরো

সম্পর্কিত খবর