যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসান সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানো ‘প্রায় চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। একই সঙ্গে ইরানও জানিয়েছে, গত এক সপ্তাহে আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে উভয় পক্ষই এখনো সতর্ক অবস্থানে রয়েছে।
শনিবার (২৩ মে) মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে একটি খসড়া চুক্তি দেখেছেন। তবে সেটি যথেষ্ট ভালো কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি না, আমি বলতে পারছি না।
তিনি আরও বলেন, যেকোনো চুক্তিতে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জন থেকে সম্পূর্ণভাবে বিরত রাখতে হবে। ট্রাম্পের বলেন, ‘আমি শুধু এমন একটি চুক্তিতে সই করব যেখানে আমাদের সব চাওয়া পূরণ হবে।’
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হয় আমরা একটি ভালো চুক্তি করব, নয়তো এমন পরিস্থিতি হবে যেখানে কোনো দেশই এত কঠোরভাবে আঘাতপ্রাপ্ত হয়নি, যতটা তারা হতে যাচ্ছে।’
অন্যদিকে ইরান-যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী পাকিস্তান শনিবার জানিয়েছে, প্রায় তিন মাস ধরে চলা যুদ্ধ অবসানের আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পারমাণবিক অস্ত্রের বিষয়টি কোনো প্রাথমিক প্রস্তাবের অংশ হবে না।
রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি জানান, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান কাছাকাছি এসেছে, তবে গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তিনি যুক্তরাষ্ট্রকে বিরোধপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগও করেন।
তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো প্রথমে একটি সমঝোতা স্মারক বা কাঠামোগত চুক্তির খসড়া তৈরি করা, যাতে ১৪টি দফা থাকবে।’
বাঘাই জানান, ওই খসড়া চূড়ান্ত করার কাজ চলছে এবং এরপর ৩০ থেকে ৬০ দিনের মধ্যে আরও আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া আলাদা সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি শনিবার (২৩ মে) উপদেষ্টাদের সঙ্গে সর্বশেষ খসড়া চুক্তি নিয়ে আলোচনা করবেন এবং রোববারের (২৪ মে) মধ্যে যুদ্ধ পুনরায় শুরু হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
ছয় সপ্তাহ আগে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ট্রাম্প কূটনীতিক আলোচনা ও সামরিক হামলার দুই মেরুর মধ্যে দোদুল্যমান অবস্থায় রয়েছেন।