Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় পড়া শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১২:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই অভ্যুত্থানের মধ্যে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পাঠ শুরু করেন।

প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন পলাতক রয়েছেন। বাকি চার আসামিকে সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

হাবিবুর রহমান ছাড়া পলাতক অপর তিন আসামি হলেন— ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) আট আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অন্যদিকে আসামিপক্ষ তাদের খালাস প্রার্থনা করে যুক্তিতর্ক উপস্থাপন করে।

প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি শেষে গত ২৪ ডিসেম্বর রায়ের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। প্রথমে ২০ জানুয়ারি রায় ঘোষণার কথা থাকলেও তা প্রস্তুত না হওয়ায় পরে আজকের দিন ধার্য করা হয়।

এদিকে পুনর্গঠিত ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর