Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাফ নদীর তীর থেকে এসএমজি, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৭:৩৬

বিজিবির অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকা থেকে একটি সাব মেশিনগান (এসএমজি), ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের জিমংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় টহলদল কেওড়া বাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করে।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা সূত্রে কেওড়া বাগান এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় এবং জিমংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহলদল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্ত্রাসীদের উপস্থিতি পাওয়া না গেলেও মিয়ানমারে তৈরি একটি সাব মেশিনগান, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং যে কোনো সন্ত্রাসী তৎপরতা রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসী কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।’