ঢাকা: সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছেন আদালত-সংলগ্ন গণমাধ্যমকর্মীরা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে তারা মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান এবং দ্রুত এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তোলেন।
রোববার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত চার মাস ধরে আপিল বিভাগসহ হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
তারা বলেন, আদালত একটি উন্মুক্ত স্থান, যেখানে বিচার কার্যক্রম সাধারণ মানুষের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত থাকার কথা। সেখানে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া শুধু পেশাগত সীমাবদ্ধতা নয়, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে নিশ্চিত করা মতপ্রকাশের স্বাধীনতারও লঙ্ঘন।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকরা অবাধে আদালত কক্ষে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করে আসছিলেন। তবে নতুন প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই এজলাসে প্রবেশে মৌখিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে তারা দাবি করেন।
বিচারব্যবস্থার স্বচ্ছতা ও তথ্যপ্রবাহ নিশ্চিত করতে আদালতসহ সব জনপরিসরে গণমাধ্যমের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন এসআরএফ সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্নাসহ অন্যান্য নেতারা। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সুপ্রিম কোর্ট বিটে কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।