ঢাকা: মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র ওমরা পালনের সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, ঈদের পরপরই সপরিবারে প্রধানমন্ত্রীর ওমরায় যাওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেই সফর আপাতত বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও লেবাননসহ বিভিন্ন দেশে অস্থিরতা তৈরি হয়েছে।
এছাড়া সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন বাংলাদেশি নিহত ও আহত হওয়ার ঘটনাও সামনে এসেছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার আগে তার ওমরায় যাওয়ার আলোচনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ পরিস্থিতিতে আবারও সফরটি স্থগিত করতে হলো প্রধানমন্ত্রীকে।