Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম কার্যদিবসেই ১১ ঘণ্টা অফিস
ছুটি কাটিয়েই কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ২৩:০৮

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ কাটিয়ে সারাদেশে যখন এখনও উৎসবের রেশ বিরাজ করছে, তখন ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষ যখন পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত, তখন দেশের দায়িত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ছুটির পর প্রথম কার্যদিবসেই টানা ১১ ঘণ্টা দাফতরিক কাজে মগ্ন ছিলেন তিনি।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী। এই দীর্ঘ কর্মদিবসের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের প্রতি তার গভীর অঙ্গীকারের বার্তাই যেন পৌঁছে দিয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, আজ সকাল ৯টা ১ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেন এবং টানা কাজ শেষে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে অফিস ত্যাগ করেন। দিনের শুরুতেই তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এরপর দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী সভায় ব্যস্ত সময় পার করেন তিনি।

বিজ্ঞাপন

জনস্বার্থকে গুরুত্ব দিয়ে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে একটি জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। দিনের শেষভাগে বিভিন্ন দাফতরিক ফাইল পর্যালোচনা, প্রশাসনিক কাজ এবং সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে অত্যন্ত কর্মব্যস্ত একটি দিন অতিবাহিত করেন তিনি।

অতিরিক্ত প্রেস সচিবের মতে, প্রধানমন্ত্রীর এই ক্লান্তিহীন কর্মযজ্ঞ প্রমাণ করে যে ব্যক্তিগত অবকাশের চেয়ে দেশ ও জাতির সেবাই তার কাছে মুখ্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর