Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বৈশাখীর সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১২:২৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দের আনন্দ উৎসবের মধ্যেই ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিচ্ছে রাজধানীর বাতাস।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণে বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে।

উৎসবের সকালে যখন সাধারণ মানুষ রমনা বটমূল ও চারুকলার শোভাযাত্রায় অংশ নিতে ঘর থেকে বেরিয়েছেন, তখন ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ১৫৭। পরিবেশ বিজ্ঞানের মানদণ্ড অনুযায়ী, বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়, যা সাধারণ মানুষের শ্বাসযন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিজ্ঞাপন

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার, যার স্কোর ২৬০। এ ছাড়া তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৯৯), তৃতীয় স্থানে নেপালের কাঠমান্ডু (১৮৫), চতুর্থ স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই (১৮৪) এবং পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৫৯)।

সাধারণত একিউআই স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ বাতাস বলা হয়। কিন্তু ঢাকার স্কোর আজ ১৫১ ছাড়িয়ে যাওয়ায় তা জনস্বাস্থ্যের জন্য বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মেগাসিটি ঢাকার বায়ুমান দীর্ঘ সময় ধরে এই অস্বাস্থ্যকর অবস্থায় থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী ঝুঁকির কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন।

পরিবেশবিদদের মতে, উৎসবের দিনগুলোতে অতিরিক্ত জনসমাগম এবং পরিবহন চলাচলের কারণে ধূলিকণার পরিমাণ বেড়ে যায়, যা বায়ুমানের ওপর সরাসরি প্রভাব ফেলে। বায়ুমান সূচক যখন ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকে, তখন তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয় এবং এ অবস্থায় শিশু ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। যদিও আজ ঢাকার অবস্থান তার চেয়ে কিছুটা নিচে, তবুও ১৫৭ স্কোর নগরের বাসিন্দাদের জন্য যথেষ্ট অস্বস্তিকর।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর