ঢাকা: ১০ মে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পুলিশ সপ্তাহের উদ্বোধন করার কথা রয়েছে। এদিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়ায় হবে। প্রধানমন্ত্রী নিজেই এসব পদক পরিয়ে দেবেন বলে জানা গেছে।
পুলিশ সপ্তাহ চলাকালীন বেশ কয়েকটি দাবি উত্থাপিত হতে পারে। এর মধ্যে অন্যতম একটি দাবি হলো- ময়মনসিংহ মেট্টোপলিটন পুলিশ (এমএমপি) ইউনিট গঠন। এ ছাড়া, আরও বেশ কয়েকটি দাবি তোলা হতে পারে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সদর দফতরের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সদর দফতর বলছে, ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগ ঘোষণার পর থেকে এ অঞ্চলে দ্রুত নগরায়ণ ও শিল্পায়ন ঘটছে। ২০১৮ সালে সিটি করপোরেশন গঠনের পর জনসংখ্যা ও নাগরিক কার্যক্রম বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা জটিল হয়ে পড়েছে। বর্তমানে প্রায় ১৮ লাখের বেশি মানুষের এই শহরে জেলা পুলিশ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে ময়মনসিংহে মেট্রোপলিটন পুলিশ গঠন এখন সময়ের দাবি।
জানা গেছে, দেশের আট বিভাগের মধ্যে সাতটিতে মেট্রোপলিটন পুলিশ রয়েছে। কিন্তু ময়মনসিংহ এখনো জেলা পুলিশের অধীনেই পরিচালিত হচ্ছে। ফলে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে বাধা তৈরি হচ্ছে বলে অভিমত সংশ্লিষ্টদের।
এছাড়া পুলিশ সদর দফতর পরিবেশ পুলিশ, রংপুরে একটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রস্তাবও দেবে বলে জানা গেছে। পরিবেশসংক্রান্ত অপরাধ যেমন— নদী দখল, বালু উত্তোলন, বন উজাড়, বায়ুদূষণ ইত্যাদি রোধে বিশেষায়িত ইউনিট প্রয়োজন বলে মনে করছে পুলিশ। একইভাবে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় এসব অপরাধ দমনে দক্ষ ও বিশেষায়িত ইউনিট গঠন জরুরি হয়ে পড়েছে।
পুলিশ ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি ও উচ্চপর্যায়ে নতুন পদ সৃষ্টির বিষয়টিও দাবির তালিকায় রয়েছে। দীর্ঘদিন ধরে অনেক কর্মকর্তা পদোন্নতি না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে বলে জানা গেছে। এ ছাড়া, পুলিশের প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে হবিগঞ্জ ও বরিশালে নতুন দুটি পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপনের প্রস্তাব দেওয়া হবে। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, শিল্প পুলিশসহ বিভিন্ন ইউনিটে জনবল ও লজিস্টিক সহায়তা বাড়ানোর সুপারিশ করা হবে।
পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, আগামী ১০ থেকে ১৩ মে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব দাবি বাস্তবায়িত হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করা হয়। এর পর প্রায় ১১ বছর কেটে গেলেও মেট্টোপলিটন পুলিশ ইউনিট ঘোষণা করেনি সরকার। ফলে ময়মনসিংহকে জেলা পুলিশ দিয়ে অপরাধ দমন কঠিন হয়ে পড়েছে।