ঢাকা: মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ভাগ্যবদল ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘আমরা জানি, এই শ্রমিকদের পাশাপাশি আরও বহু লাখ লাখ বেকার এখন এই দেশে রয়ে গিয়েছে, যাদের জন্য দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আমাদের বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং সেই জন্যই আমরা বিদেশি বিনিয়োগকারীসহ দেশি বিনিয়োগকারীদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা শুরু করেছি।’
তিনি আরও বলেছেন, ‘আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি, আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি যাতে করে সেই বিনিয়োগকারীরা দেশিই হোক অথবা বিদেশিই হোক এই দেশে কলকারখানা তৈরি করে। কারণ আমরা জানি এই দেশে কলকারখানা তৈরি হলেই এই দেশের শ্রমিকরা কর্মসংস্থানের সুযোগ হবে তাদের।’
সাধারণ মানুষের সমৃদ্ধিই দেশের সমৃদ্ধি উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমরা জানি শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা জানি কৃষকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষ যখন ভালো থাকবে তখনই এই দেশ বাংলাদেশ ভালো থাকবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের বেকার সমস্যা দূর করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।