ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন।
রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন। এর আগে, সকাল সাড়ে ১০টায় সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জন রায়ের প্রতিফলন ঘটলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমানিত হয়েছে ১২ ফেব্রুয়ারি। ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় সেটা ১৪, ১৮, ২৪ সালে জাতি দেখেছে। শুধুমাত্র পদোন্নতি বা স্বার্থের জন্য পেশাদারিত্বরের সাথে আপোষ করলে সাময়িকভাবে লাভবান হওয়া গেলেও সার্বিকভাবে সেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এ ধরনের ঘটনা দুর্নীতির দিকে জনপ্রশাসনকে ঠেলে দেয়। এ ধরনের ঘটনা তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।
তিনি বলেন, জনপ্রশাসনের যেকোনো পদে কাজ করার জন্য ডিসিদের মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। এই প্রস্তুতি থাকলে জনপ্রশাসন জনসেবার মান বাড়াতে ভূমিকা রাখবে। ডিসিরাই জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষা করে, তাই সরকারও তাদের ওপর নির্ভরশীল। দেশের ইতিহাসে সবচেযে দুর্বল অর্থনীতির সময় এই সরকার দায়িত্ব নিয়েছে। আড়াই মাসে কিছুটা পরিস্থিতিরি উন্নতি হলেও তা এখনো সন্তোষজনক না।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বিগত সরকার ৩০ লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে সেই পরিস্থিতির মধ্যে এই সরকার কাজ শুরু করেছে। সেই সময় দেশকে পুরোপুরি আমদানি নির্ভর করে ফেলা হয়েছে। বিচার বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন (দুদক) সবই ছিল ভঙ্গুর। যুদ্ধ পরিস্থিতির জন্য জনভোগান্তি হয়েছে, তাও সরকার মোকাবিলা করে যাচ্ছে।
ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ, সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসিদের কাজ করতে হবে। মোবাইল কোর্টের কার্যক্রম বাড়াতে হবে। জনগণের ন্যায্য অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্য বিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। খাদ্যে ভেজালকারীদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। সব জেলায় ছাত্রছাত্রীদের সংস্কৃতি বা খেলাধুলার প্রতিযোগীতা শুধু শীতকাল নয় সকল মৌসুমে আয়োজনের ব্যবস্থা করতে ডিসিদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পটুয়াখালীর জেলা প্রশাসক ও নাটোরের জেলা প্রশাসক।