ঢাকা: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও পাবনার সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।
প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’-এর ধারা-১৩ (২) অনুযায়ী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে অন্য যেকোনো পেশা, ব্যাবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে বিএমডিএ’র চেয়ারম্যান পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো।
এদিকে, পাবনার সন্তান হাসান জাফির তুহিন গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ভাঙ্গুড়া উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়ে শুভকামনা জানাচ্ছেন।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন।