Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা বৃষ্টির পরও বিশ্বে দূষণে শীর্ষ তালিকায় ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১১:০৮

ঢাকা: রাজধানী ঢাকার বাতাসের মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা একদিকে পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে এবং অন্যদিকে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে তুলছে। সাধারণত গত কয়েকদিনের বৃষ্টির পর ঢাকার বাতাসের মান উন্নত হওয়ার কথা থাকলেও আজ চিত্রটি সম্পূর্ণ উল্টো।

বৃহস্পতিবার (৭ মে) বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ঢাকা। এমনকি দূষণের দিক থেকে আজ দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরকেও ছাড়িয়ে গেছে এই মেগাসিটি।

বাতাসের মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

আজ সকালে তালিকার শীর্ষে থাকা ঢাকার দূষণের স্কোর রেকর্ড করা হয়েছে ১৮৬, যা পরিবেশগত মানদণ্ডে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর আজ ১৫৩, যার অর্থ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের এই বিশ্ব তালিকায় ১২৭ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা তৃতীয় অবস্থানে রয়েছে।

তালিকার পরবর্তী স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্কোর ১১২, ভারতের কলকাতার ৯৯, দিল্লির ৯৭ এবং আফগানিস্তানের কাবুলের স্কোর ৯৬। এ ছাড়া চীনের ইউহান ৯৪, হাংজউ ৯০, ফিলিপাইনের ম্যানিলা ৮৮, উগান্ডার কাম্পালা ৮৪ ও নেপালের কাঠমান্ডুর স্কোর ৮৩ দেখা গেছে।

বায়ুমানের সূচক অনুযায়ী, কোনো এলাকার স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। তবে স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত সরাসরি অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে আবহাওয়া দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়।

ঢাকার অভ্যন্তরীণ এলাকার পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, আজ বায়ুদূষণে রাজধানীর শীর্ষে রয়েছে আগারগাঁওয়ের বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্র বা বিআইডিএস এলাকা। সকালে সেখানকার দূষণ স্কোর ছিল ২১৩, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। ঢাকার দূষিত এলাকাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেচারাম দেউড়ী এলাকা, যার স্কোর ২০৭। এরপরই যথাক্রমে গুলশানের বে’জ এইজ ওয়াটার ১৯৮, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ১৯৬, ধানমন্ডি ১৯৫, উত্তর বাড্ডা ১৮১, বারিধারা পার্ক রোড ১৭৮, গুলশান লেক পার্ক ১৭৮, বারিধারা লেকসাইড ১৭২ এবং গোরান এলাকার স্কোর ১৬০ রেকর্ড করা হয়েছে।

বৃষ্টির সুফল না মেলায় ঢাকার এই বাতাস এখন সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর