Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ পালনে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১৪:৫৫ | আপডেট: ৮ মে ২০২৬ ১৪:৫৬

‎‎ঢাকা: ‎পবিত্র হজ পালনে ইচ্ছুক বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষ সতর্কবার্তা ও নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কেবল সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র (পারমিট) গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী, কেবলমাত্র হজ ভিসা থাকলেই হজ পালন করা সম্ভব হবে। অন্য কোনো ভিসায় হজ পালন অবৈধ বলে গণ্য হবে। অননুমোদিত উপায় বা দালালের খপ্পরে পড়ে ভুয়া নথিপত্র ব্যবহার করলে হজযাত্রীদের কঠোর আইনি শাস্তির মুখোমুখি হতে হবে। এতে হজ পালনে বিঘ্ন ঘটার পাশাপাশি সৌদি আরবে প্রবেশেও নিষেধাজ্ঞা আসতে পারে।

‎আর ভিড় নিয়ন্ত্রণ, উন্নত নিরাপত্তা এবং হজ ইকোসিস্টেমের মাধ্যমে সব সেবা নিশ্চিত করতে দাফতরিক বা প্রাতিষ্ঠানিক মাধ্যম থেকে অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

‎ধর্ম মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, অননুমোদিত বা মিথ্যা প্রলোভনে হজের ভিসা প্রক্রিয়াকরণ থেকে বিরত থাকতে সৌদি কর্তৃপক্ষ বারবার সতর্ক করেছে। বৈধ অনুমতিপত্র থাকলে তবেই নিরাপদ এবং সুশৃঙ্খল পরিবেশে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হবে।

‎মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা করা হয়েছে যে, অনুমোদিত চ্যানেলের মাধ্যমে পারমিট সংগ্রহ করলে হজযাত্রীরা সৌদি আরবে অবতরণের পর থেকে শুরু করে পবিত্র স্থানগুলোতে যাতায়াত এবং সব ধরনের সরকারি সেবা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। এটি হজের সামগ্রিক শৃঙ্খলা রক্ষা এবং হাজিদের নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে।

‎মূলত, যেকোনো ধরনের প্রতারণা এড়াতে এবং আল্লাহর মেহমান হিসেবে নিজেদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে কেবলমাত্র নিবন্ধিত হজ এজেন্সি বা সরকারি পোর্টালে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। কোনো মধ্যস্বত্বভোগী বা প্রলোভন দেখিয়ে হজের আশ্বাস দিলে সে বিষয়ে সতর্ক থাকতে বলছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর