Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ২৩:২৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনার ডেরেক লো’র সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতের সময় বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, বাংলাদেশ পুলিশের পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি, সাইবার সিকিউরিটি, আন্তঃদেশীয় সন্ত্রাস ও উগ্রবাদ দমনে পারস্পরিক তথ্য বিনিময়, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনগত সহায়তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বহুমুখী। এই দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক অভিন্ন স্বার্থ, সহযোগিতা এবং বন্ধুত্বের সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে উভয় দেশই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একই ধরনের মনোভাব ও দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে।’

সিঙ্গাপুরের হাইকমিশনার মন্ত্রীর সঙ্গে ঐকমত্য পোষণ করে বলেন, ‘বাংলাদেশ ও সিঙ্গাপুর অত্যন্ত বিশ্বস্ত ও বন্ধুপ্রতিম দেশ। সিঙ্গাপুর বাংলাদেশের পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে সবধরনের প্রযুক্তিগত ও প্রশিক্ষণ সহযোগিতা দিতে প্রস্তুত। এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ থেকে সিনিয়র পুলিশ অফিসারদের একটি প্রতিনিধি দল সিঙ্গাপুরে পাঠানো যেতে পারে।’

মন্ত্রী পুলিশের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে সিঙ্গাপুরের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান। তিনি প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক পুলিশ সংস্কার প্রক্রিয়ায় সিঙ্গাপুরের নীতিগত সহযোগিতা কামনা করেন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে স্ক্যাম, ফিশিংসহ বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে দু’দেশের মধ্যে নিয়মিত অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

বৈঠকে হাইকমিশনার ডেরেক লো আন্তঃদেশীয় সন্ত্রাস ও উগ্রবাদ দমনে দুই দেশের মধ্যে রিয়েল-টাইম তথ্য বিনিময়ের ওপর জোর দেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে বর্তমান বাংলাদেশ সরকার অত্যন্ত কঠোর এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে অবস্থান করছে।

হাইকমিশনার ডেরেক লো এ সময় বাংলাদেশের উদীয়মান অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করেন এবং স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, আবাসন ও যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত খাতে সিঙ্গাপুরের বিনিয়োগ ও সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান ব্যবসাবান্ধব ও বিনিয়োগ অনুকূল নীতির পরিপূর্ণ সুযোগ কাজে লাগিয়ে সিঙ্গাপুরের সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বৃহত্তর অংশীদার হওয়ার আহবান জানান।

বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়া এবং সাব-সাহারান আফ্রিকা ডিরেক্টরেট-এর কান্ট্রি অফিসার টাই ডে আর্ন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর