Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকদের অবসরভাতা প্রদানে বিলম্বের কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ১৮:৩৫ | আপডেট: ১৪ জুন ২০২৬ ১৯:৪০

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

ঢাকা: বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদানে বিলম্বের মূল কারণ হিসেবে বার্ষিক ১৫৬ কোটি টাকার ঘাটতিকে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

রোববার (১৪ জুন) বিকালে, জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের বার্ষিক আয় ৬৮৪ কোটি টাকা হলেও, অবসর সুবিধা প্রদানে বছরে প্রয়োজন হয় প্রায় ৮৪০ কোটি টাকা। ফলে প্রতি বছর এই ঘাটতি তৈরি হচ্ছে। এছাড়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের বার্ষিক প্রবৃদ্ধির কারণে ট্রাস্টের দায় ক্রমাগত বাড়ছে, যার ফলে সময়মতো অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, বর্তমানে ২০২৩ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রায় ৪৪ হাজার কল্যাণ সুবিধার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সরকারের এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা অতিরিক্ত অর্থের প্রয়োজন। সরকার এই অর্থের সংস্থান করার জন্য কাজ করছে।

তিনি আরও বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ৯ হাজার ২৮৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে ৫৫৩ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৮৭৪ টাকা কল্যাণ সুবিধা প্রদান করা হয়েছে।