Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার’স গোল্ডকাপ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৬:২৯

টুর্নামেন্ট উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা।

ঢাকা: দেশের প্রায় ৫০ হাজার স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ‘প্রাইম মিনিস্টার’স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছেলে শিক্ষার্থীর জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ বাধ্যতামূলক, আর মেয়ে শিক্ষার্থীদের জন্য তা ঐচ্ছিক রাখা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) টুর্নামেন্ট উপলক্ষ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা এবং শিক্ষা ব্যবস্থায় মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটানো। সে লক্ষ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যুব ও ক্রীড়া, সংস্কৃতি, স্থানীয় সরকার, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে এই আয়োজন বাস্তবায়ন করবে।’

বিজ্ঞাপন

মাহ্দী আমিন জানান, টুর্নামেন্টটি প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপের আদলে উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয়—এই চার ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ ও জাতীয় পর্যায়ের ফাইনালে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘প্রতিযোগিতার জন্য মাঠ প্রস্তুত, প্রশাসনিক সমন্বয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করবেন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মুখপাত্র আরও বলেন, ‘সরকার চায়, সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হোক, যেখানে শহর-গ্রামের বৈষম্য কমিয়ে সব শিক্ষার্থী সমান সুযোগ পাবে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, মেধা ও মননশীলতার বিকাশ ঘটবে এবং ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির ভিত্তি আরও শক্তিশালী হবে।’

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিযোগিতায় ভালো করা শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে এবং তাদের যথাযথ স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে টুর্নামেন্ট শুরু করে ৩০ অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান মাহ্দী আমিন।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর