ঢাকা: নির্বাচনে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের পরিচয়পত্র (কার্ড) ইস্যু প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরাপদ ও কার্যকর করতে নতুন একটি সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সফটওয়্যারটির বিস্তারিত রূপরেখা বা ‘Software Requirement Specification’ (SRS) প্রণয়নের লক্ষ্যে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের নির্দেশে গঠিত এই কমিটিতে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমকে আহ্বায়ক এবং জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকারকে সদস্য করা হয়েছে। কমিটিতে তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদফতরের প্রতিনিধি, ইসির একাধিক কর্মকর্তা ছাড়াও সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা অন্তর্ভুক্ত রয়েছেন। কাজের সুবিধার্থে কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট যেকোনো বিশেষজ্ঞকে এতে যুক্ত (কো-অপ্ট) করতে পারবে।
নতুন এই কমিটি সাংবাদিকদের অনলাইন নিবন্ধন, প্রেরিত তথ্য যাচাই-বাছাই এবং চূড়ান্ত কার্ড ইস্যু পর্যন্ত পুরো বিষয়টি কীভাবে সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে, তার বিস্তারিত কাঠামো তৈরি করবে এবং কমিশনের কাছে প্রয়োজনীয় সুপারিশ জমা দেবে।
মূলত গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পর্যাপ্ত ট্রায়াল ছাড়া তাড়াহুড়ো করে অনলাইনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। সে সময় তৈরি করা ওয়েবসাইটে ত্রুটির কারণে প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং কমিশন সেই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনো ঝুঁকি না নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি নিখুঁত ও কার্যকর সফটওয়্যার তৈরির পরিকল্পনা নির্বাচন কমিশনের।