Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সোমবার ইসলামী আন্দোলনের জেলায় জেলায় বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৮:৩১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৭ অক্টোবর (সোমবার) দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তফসিলের আগে গণভোট আয়োজন করা, জুলাই সনদের আইনিভিত্তির জন্য সাংবিধানিক আদেশ দেওয়া, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণের পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ হবে বলে জানিয়েছেন দলের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশে যে সংস্কারের সুযোগ তৈরি হয়েছিল তা কাজে লাগাতে ব্যর্থ হতে যাচ্ছে এই সরকার। সংস্কারের নামে যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে তাতে নোট অব ডিসেন্টের কারণে সনদের চেয়ে বরং সংস্কার সম্পর্কিত মতামত দলীলে পরিণত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করার পদ্ধতি এখনো ঠিক করা হয় নাই। ফ্যাসিবাদের দোসরদের বাড়বাড়ন্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে অথচ তাদেরকে আইনের আওতায় আনার উদ্যোগ চোখে পড়ছে না। এমন বাস্তবতায় জুলাই গণঅভ্যুত্থানে উৎসর্গিত রক্তের দায় শোধ করতে রাজপথে থাকা জরুরি বলে মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই অংশ হিসেবে যুগপৎ আন্দোলন চলছে। আগামীকাল দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল করা হবে। এতেও যদি সরকারের বোধদয় না হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচির পথে হাটতে বাধ্য হবে জনতা।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর