Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জুলাই অভ্যুত্থান গণতন্ত্র পুনরুদ্ধারের পথ খুলেছে: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৪:৫১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দেশে গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং জনগণের অধিকার হুমকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যায়। নানা দমন-পীড়নের মধ্যেও জনগণ লড়াই অব্যাহত রাখে।

মির্জা ফখরুল বলেন, বিগত বছরগুলোতে বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গুম ও হত্যার ঘটনা ঘটেছে। তবে সব প্রতিকূলতা অতিক্রম করে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থেকেও দলকে নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে তার নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে যাচ্ছে। নির্বাচন, সরকার পরিচালনা এবং উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব জানান, সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে পরিবারভিত্তিক কার্ড, কৃষকদের জন্য বিশেষ সহায়তা, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় নেতাদের জন্য ভাতা প্রদান। এসব কার্যক্রম দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফখরুল বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও সুখী রাষ্ট্রে পরিণত হবে এমন প্রত্যাশা দেশের মানুষের মধ্যে রয়েছে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর