Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হকার পুনর্বাসন-শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৭:৫৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তোলা এবং সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বের প্রশংসা করে হকারদের পুনর্বাসন ও শ্রমজীবী মানুষের মানবিক জীবন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু সরকার প্রধান নন, তিনি এদেশের অগণিত মানুষের আস্থার প্রতীক। গত ১৭ বছর দেশ এক কঠিন সময় পার করেছে, যেখানে শিল্প, ব্যাংক ব্যবস্থা এবং অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। বর্তমানে ধ্বংস হয়ে যাওয়া সেই অর্থনীতিকে পুনর্গঠন করে তিনি সাধারণ মানুষের মনে আশার আলো জাগিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতিপূর্বে হকারদের পুনর্বাসনের যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে নতুন বাজার সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের সন্তানদের সুশিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন

শ্রমিকদের ত্যাগের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, পরিবর্তনের জন্য এদেশের শ্রমিকরা বারবার প্রাণ দিয়েছেন। ২০১৮ সালের পুলিশি হামলা ও ধরপাকড়ের সময় শহীদ হোটেল শ্রমিক মফিজুর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। বর্তমান সরকার অভাবী ও মেহনতি মানুষের মানবিক জীবন যাপনের নিশ্চয়তা দেবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। তিনি সেই মহান নেতার পুত্র যিনি বাংলাদেশকে আধুনিক রূপ দিয়েছিলেন এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন। দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী যে ‘স্টেটসম্যানশিপ’ বা রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা দেখিয়েছেন, তা পুরো জাতির সামনে শান্তির পথ উন্মোচন করেছে। তিনি ছাত্র, যুবক, কৃষক ও শ্রমিকসহ সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান।

মির্জা ফখরুল তার বক্তব্যের শেষে শ্রমিক দলের আদর্শে অবিচল থেকে দেশের মানুষের বিজয় ছিনিয়ে আনার শপথ নেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর