পঞ্চগড়: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে, বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় যায়। এ সময় কিছু নেতাকর্মী জাগপার কার্যালয়ের টিনের বেড়া ও ভেতরের চেয়ার, ফ্যানসহ আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। পরে মিছিলটি চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানান এবং রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনই জাগপা নেতা রাশেদ প্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছেন। তিনি রাজনৈতিকভাবে একটি দলের বিরোধীতা করতেই পারেন, তবে তা হতে হবে নিয়মের মধ্য দিয়ে, রাজনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে। কিন্তু তিনি তা না করে কটূক্তি করে প্রধানমন্ত্রীর মানহানি করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একইসঙ্গে এর বিচার আমরা দাবি করছি। পঞ্চগড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছে।’
অন্যদিকে, জাগপা নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দলীয় প্রতিহিংসার কারণে তাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তবে তাদের কোনো নেতাকর্মীর ওপর হামলা হয়নি বলে দাবি করেন তারা।
জাগপা পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, ‘২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিসে একই কায়দায় হামলা করেছে। আমরা মনে করেছিলাম, গণঅভ্যুত্থানের পরে বাকস্বাধীনতা ফিরে পাব। কিন্তু নব্য স্বৈরাচার বিএনপি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আজ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশত নেতাকর্মী আমাদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ এবং বিচার দাবি করছি। এ ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, ‘তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের চেয়ার, টেবিল, টিভিসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। তবে আমাদের কোনো নেতাকর্মীর ওপর তারা হামলা করেনি। তারা আমাদের ওপর হামলা করলে আমরা তাদের প্রতিহত করতাম।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।’