ঢাকা: ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য ‘গোদের উপর বিষ ফোঁড়া’ হয়ে দাড়াবে। কারণ, এই মূল্যবৃদ্ধি সরাসরি নিত্যপণ্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয়ের ওপর দ্বিগুণ চাপ সৃষ্টি করবে। সা
ধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের চাপে আগে থেকেই নাজেহাল, তখন জ্বালানির এই মূল্যবৃদ্ধি তাদের সংকটকে আরও তীব্র করে তুলবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ ন্যাপ প্রচার সম্পাদক গোলাম মোস্তাকিন ভূঁইয়া সই করা এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেছেন।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হলেও বাংলাদেশে মূল্য সমন্বয়ের নামে নতুন করে মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্রসমালোচনা করে তারা বলেন, ‘বিশ্ববাজারে যেই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য হ্রাস পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে মূল্য সমন্বয়ের নামে রোববার থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা অত্যন্ত দুঃখজনক ও জণস্বার্থ বিরোধী। যখন নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকারের জ্বালানি মন্ত্রী প্রমাণ করলেন আসলে জনগণের কষ্ট তাদের হৃদয়কে স্পর্শ করে না। তারা শাসক হয়ে শোষকের ভুমিকা পালন করতে সাচ্ছন্দ বোধ করে।’
‘জনগণের সার্বিক অবস্থার কথা চিন্তা করে অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য বাংলাদেশ ন্যাপ সরকারের প্রতি জোর দাবি জানায়।’