ঢাকা: আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আর্ত-মানবতার মুক্তি এবং ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তিকে অধিকতর কর্মতৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় একটি মিলনায়তনে শেরেবাংলা নগর উত্তর থানা জামায়াত আয়োজিত এক ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোনের সহকারী পরিচালক ডা. শফিউর রহমান, মোহাম্মদপুর জোনের টিম সদস্য আজহার মুন্সি, থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, থানা বায়তুলমাল সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম ও থানা অফিস সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, বিগত নির্বাচনে জনগণ জামায়াতের পক্ষে ব্যাপকভাবে গণরায় প্রদান করেছে। কিন্তু সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদেরকে প্রাপ্য ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় গিয়ে ক্ষমতাসীনরা গণরায় অগ্রাহ্য করে জুলাই সনদ বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়েছে। তারা অদৃশ্য শক্তির ইশারায় এসব করছে। তাই জনগণ এ পুতুল সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই আগামী দিনে আদর্শ, মানবতাবাদী, জনবান্ধব, দুর্নীতি ও অবক্ষয়মুক্ত রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে জনগণকে নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে।