Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি মাঠে থাকলে শাপলা গণহত্যার বদলে আওয়ামী পতন হতে পারত’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১৭:২২ | আপডেট: ৫ মে ২০২৬ ২১:২৫

জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও দাবির প্রতি নৈতিক ও রাজনৈতিক সমর্থন জানিয়েছিল তৎকালীন ২০ দলীয় জোট।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমর্থন এবং জোটের প্রস্তুতি থাকা সত্ত্বেও তৎকালীন বিএনপি নেতারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। হেফাজতের সঙ্গে সেদিন বিএনপি মাঠে থাকলে শাপলা আওয়ামী গণহত্যার বদলে আওয়ামী পতন হতে পারত।

মঙ্গলবার (৫ মে) পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে শ্রমিক জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও শাপলা গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই। একইসঙ্গে ভারতের ইশারায় এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে যেসব মিডিয়া ও সাংবাদিক ‘হলুদ সাংবাদিকতা’ করেছেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, আমাদের দেশে এসব অপরাধের বিচার হয় না বলেই নতুন স্বৈরাচার জন্ম নেওয়ার সাহস পায়; ক্ষমতার পালাবদলে কিছু সাংবাদিক ও মিডিয়া হাউস কেবল সরকারের সেবাদাসে পরিণত হয়।

রাশেদ প্রধান আরও বলেন, গণভোটের আলোকে বিএনপি সরকার যে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না, তা এখন পরিষ্কার। নতুন ফ্যাসিজমের পদধ্বনি দেশবাসী শুনতে পাচ্ছে। প্রস্তুতি গ্রহণ করুন নতুন যুদ্ধের, নতুন গণঅভ্যুত্থানের এবং নতুন বিজয়ের।

শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।