রাজশাহী: লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বাংলাদেশের জনগণ আজ দুঃসহ জীবনযাপন করছে। প্রতিদিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এখানে দেখতে হবে, শুভেন্দুর কোনো অনুসারী আছে কি না। তিনি ক্ষমতায় আসার পর থেকে বলে বেড়াচ্ছেন, বাংলাদেশকে দখল করে নেবেন। বাংলাদেশকে অশান্ত করার জন্য শুভেন্দু কাজ করছেন। ভারতে মুসলমানদের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, মসজিদ ভাঙা হচ্ছে। আমরা কারও ধর্মে হস্তক্ষেপ করি না, কিন্তু আমাদের প্রতিও কোনো হুমকি বরদাশত করা হবে না।
শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজউদ্দীন মণ্ডলের সঞ্চালনায় তিনি আরও বলেন, ‘এখন দলীয়করণের মাধ্যমে অযোগ্য লোকদের বিভিন্ন পদে বসানো হচ্ছে। আমরা আমাদের ১১ দলীয় ঐক্যের জন্য নেতা বা মন্ত্রী পদ চাইনি, আমরা চেয়েছি সংস্কার। দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ। বিদেশের দিকে তাকিয়ে না থেকে নিজেদের উৎপাদন বাড়াতে হবে। আপনারা যাদের মন্ত্রী বানিয়েছেন, তাদের অনেকেরই যোগ্যতা নেই। তারা জনগণের নয়, নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। দেশের সমস্যা সমাধানে বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ করুন।’
রাজশাহী বিভাগীয় সমাবেশের সভাপতি ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, ‘গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও গণভোটের প্রচারণায় অংশ নিয়েছিলেন। অথচ এখন বলা হচ্ছে, জনগণ গণভোট বোঝে না। বিএনপি নেতারা পাগল হতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ পাগল নয়। তারা বুঝেশুনেই ভোট দিয়েছেন। তাই দ্রুত জনগণের রায় মেনে নিতে হবে।’
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিশের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হকসহ আরো অনেকেই।