Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৈয়দপুরে দাবি আদায়ে নার্সিং শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

অবরোধ চলাকালে দিনাজপুর ও রংপুর মহাসড়কের চারপথে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নার্সিং শিক্ষার্থীরা সকাল থেকেই সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কজুড়ে অবস্থান নেন। ‘ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শত শত শিক্ষার্থী অংশ নেন।

বিজ্ঞাপন

তারা ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’—এই ধরনের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘নার্সিং কলেজে এইচএসসি পাস করে তিন বছর ছয় মাস মেয়াদি ১১০ ক্রেডিটের কোর্স শেষ করলেও এখনো তাদের ডিগ্রির সমান মর্যাদা দেওয়া হচ্ছে না। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য ছাত্রছাত্রীরা তিন বছর মেয়াদি কোর্স সম্পন্ন করেই ডিগ্রি সনদ পাচ্ছেন।’ এ অবস্থাকে তারা চরম বৈষম্য হিসেবে দেখছেন।

সমাবেশে বক্তব্য দেন নীলফামারী নার্সিং ইনস্টিটিউটের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা লিটন রাসেল ইসলাম ও ফিরোজ শাকিলা ইয়াসমিন প্রমুখ। এ ছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে তাদের প্রতি অনুরোধ থাকবে, যেন জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি না হয়।’

পরবর্তীতে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন নবী ও সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

সারাবাংলা/এইচআই