Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজয় সরণিতে সুবিধাবঞ্চিতদের খাবার খাওয়ালেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ২২:৫৩

ঢাকা: রাজধানীর বিজয় সরণির ব্যস্ত সড়কে ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন পথশিশু, বয়স্ক নারীসহ বেশ কিছু সুবিধাবঞ্চিত মানুষ। প্রধানমন্ত্রীর গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়মিত দূর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সালাম দেন তারা। প্রধানমন্ত্রীও নিয়মিত তাদের সালাম গ্রহণ করেন।

যাতায়াতের পথে এসব মানুষকে নিয়মিত দেখার কারণে তাদের জীবন-জীবিকা ও অসহায়ত্বের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এবার তাদের খোঁজ নিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিজয় সরণিতে থাকা এসব পথশিশু, বয়স্ক নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নির্দেশে আতিকুর রহমান রুমন দুপুরে তাদের ডেকে বিজয় সরণির একটি রেস্টুরেন্টে নিয়ে যান। সেখানে পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত মানুষগুলো একসঙ্গে দুপুরের খাবার খান।

হঠাৎ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন আয়োজন পেয়ে আনন্দিত ও অভিভূত হন তারা। এ সময় অনেকেই বলেন, প্রধানমন্ত্রী তাদের সালাম গ্রহণ করেন—এটি তারা নিয়মিতই দেখেছেন। কিন্তু তাদের কথা মনে রেখে খাবারের ব্যবস্থা করবেন, তা তারা কখনো ভাবেননি।

প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে সুবিধাবঞ্চিত এসব মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।