Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৯:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী হোসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম হোসাইন ও তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাকে বাসায় দেন।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা পৌনে ৭টায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, তথ্য উপদেষ্টার ওপর আক্রমণকারী হোসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছ। ডিবি অফিসে তার সঙ্গে ও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন। এর আগে দুপুরে তিনি হোসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

বিজ্ঞাপন

এদিকে, হোসাইনকে ডিবি এনে জিজ্ঞাসাবাদের ঘটনায় আজকের মধ্যেই তাকে ছেড়ে না দিলে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন। এরপর পরই হোসাইনকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে।

পানির বোতল নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশ বলেছে, ‘তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। তাকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে।’ এরপর আজ শুক্রবার বিকেলে তাকে ডিবি অফিসে এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

সারাবাংলা/এমএইচ/এমপি