Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ১০ দিন

লোকাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ২৩:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি জানান, ঈদ উপলক্ষ্যে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম এবং কাস্টমস ও বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৫ জুন (রোববার) সকাল থেকে ফের বন্দর কার্যক্রম শুরু হবে।

৪ জুন (বুধবার) বিকেল থেকেই কার্যত পণ্য চলাচল বন্ধ হয়ে যাবে। এ সময় বন্দর, কাস্টমস ও ব্যবসায়ীদের অনেকেই ছুটিতে চলে যাবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশে ১২টি স্থলবন্দরের মধ্যে রাজস্ব আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বেনাপোল বন্দর। প্রতিদিন ভারত থেকে ৪০০-৪৫০ ট্রাক পণ্য আসে এই পথে, যার মাধ্যমে প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়। দীর্ঘ ছুটি শেষে পুনরায় কার্যক্রম শুরু হলে বড়ধরনের পণ্যজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন জানান, ছুটির সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যদি ছুটির মধ্যেও পণ্য খালাস নিতে চান, তাহলে খালাস দেওয়ার ব্যবস্থাও রাখা হবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ জানান, ঈদের ছুটিতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ইমিগ্রেশনে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।

সারাবাংলা/পিটিএম