Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ বাছাইপর্ব / বিবর্ণ ব্রাজিল, অভিষেকে আনচেলত্তির গোলশূন্য ড্রয়ের হতাশা

স্পোর্টস ডেস্ক
৬ জুন ২০২৫ ০৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তার দায়িত্ব নেওয়ার পর নতুন করে আশায় বুক বেঁধেছিলেন ব্রাজিল সমর্থকরা। কার্লো আনচেলত্তির অধীনে পুরনো জৌলুশ ফিরে পাবে সেলেসাওরা, এমন স্বপ্ন নিয়েই আজ খেলা দেখতে বসেছিলেন কোটি ব্রাজিল ভক্ত। তবে তাদের সেই হতাশা কাটেনি। নিজের অভিষেক ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আনচেলত্তিকে।

বিশ্বকাপ বাছাইপর্বে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। সরাসরি ২০২৬ বিশ্বকাপ খেলতে হলে শেষ কয়েক ম্যাচে ভালো কিছুই করতে হবে ব্রাজিলকে। ইকুয়েডরের মাঠে প্রথমবার ব্রাজিল ডাগআউটে দেখা গেল আনচেলত্তিকে। তবে কোচ বদলালেও বদলায়নি ব্রাজিলের ভাগ্য।

পুরো ম্যাচেই ছন্নছাড়া ব্রাজিল খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ৪৮ শতাংশ বল দখলে রেখে মাত্র তিনবার গোলপোস্টে শট নিতে পেরেছেন ব্রাজিলিয়ানরা। অন্যদিকে ইকুয়েডর শট নিয়েছে সাতটি।

বিজ্ঞাপন

ব্রাজিল গোল হজম করেনি কিপার অ্যালিসনের বীরত্বে। পুরো ম্যাচে দারুণ কিছু সেভ করে দলের হার এড়িয়েছেন তিনি। ভিনিসিয়াস, ক্যাসিমেরোরা কিছু সুযোগ তৈরি করলেও সেটা গোলে রূপান্তরিত করতে পারেননি।

শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। এই ড্রয়ে ১৫ ম্যাচ ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রইল ব্রাজিল। অন্য ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে প্যারাগুয়ে।

সারাবাংলা/এফএম