Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ২২:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুর: শরীয়তপুরে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদলের একাংশ। শুক্রবার (৬ জুন) রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের পুলিশ বক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বক্তারা জানায়, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি অছাত্র ও বিবাহিত লোকদের সমন্বয়ে গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক একজন শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক। যা গঠনতন্ত্র পরিপন্থী। দ্রুত কমিটি বাতিল করে নতুন করে কমিটির আহ্বান জানান তারা। নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

ছাত্রদলের একাংশের নেতা খান বাহাদুর আফজাল নূর বলেন, ‘গঠনতন্ত্র পরিপন্থী এই অবৈধ কমিটি আমরা মানিনা। অতি দ্রুত যোগ্য লোকদের দিয়ে পুনরায় কমিটি করা হোক। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

প্রসঙ্গত, চার বছর পর মঙ্গলবার (৩ জুন) শরীয়তপুর জেলা ছাত্রদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন দেন। এতে এইচ এম জাকিরকে আহ্বায়ক এবং সোহেল তালুকদারকে সদস্য সচিব করে জেলা কমিটি করা হয়। এছাড়াও, কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৭ জনকে সদস্য করা হয়। কমিটি গঠনের পর ছাত্রদলের অপর একটি অংশ নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করে। এই নিয়ে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। পরের দিন বুধবার একই দাবিতে শরীয়তপুর-ঢাকা সড়কে বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। বৃহস্পতিবারেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তারা। এ সময় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি রুহুল আমিন মুন্সির ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেওয়া হয় তার মোটরসাইকেল।

সারাবাংলা/এসআর