Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘পুলিশের কেউ মামলা বাণিজ্য কিংবা দুর্নীতিতে জড়ালে ছাড় দেওয়া হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৪:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের কেউ মামলা বাণিজ্য কিংবা দুর্নীতিতে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমি ৩০ থেকে ৪০ জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। যদি আরও ৩০-৪০ জনকে বাড়ি পাঠাতে হয় তাতে একটুও কুণ্ঠিত হবো না।

মঙ্গলবার (১০ জুন) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটা যদি আমরা কোনোভাবে কন্ট্রোলে আনতে পারতাম, তাহলে কিন্তু দেশ অনেক অনেক এগিয়ে যেত। এজন্য আমি সাংবাদিকদের সহযোগিতা চাই। আপনারা লোকজনকে সচেতন করুন। আপনারা যদি সত্য কথা লেখেন, তাহলে অনেক কিছু ঠিক হয়ে যাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুলিশ বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এজন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগে বলা হতো জিডি এবং মামলা পুলিশ নিতে চায় না। এজন্য আমরা ইতিমধ্যে মামলা গ্রহণ প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা করেছি। এখন জিডি ঘরে বসেই করা যায়। ফলে মামলা করার জন্য এখন আর মানুষকে থানায় যেতে হবে না, তাই হয়রানির শিকার হতে হবে না।

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত বিভিন্ন মামলার তদন্ত দ্রুত শেষ করা প্রসঙ্গে তিনি বলেন, এসব মামলায় যেমন দোষী লোকজন আছে, মোটামুটি নির্দোষ অনেক মানুষ রয়েছে। এজন্য আমরা দেখব, যারা দোষী তাদের বিচারের আওতায় নিয়ে আসব। আর যারা নির্দোষ তারা যাতে কোনো মতে সাজা না পায় সে ব্যবস্থা করা হবে।

সারাবাংলা/এমএইচ/আরএস