Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুছে দেওয়া ফেসবুক পোস্ট ভাইরাল, ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাবি করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৬:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শাকিল আহমেদ (২৪) নামের এক শিক্ষার্থী মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আত্মহত্যার আগে নিজের এক ফেসবুক পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আত্মহত্যাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।

শাকিলের সহপাঠীদের সূত্রে জানা যায়, প্রায় সাত থেকে আট মাস আগে নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ইসলামিক একটি বিষয়ে আপত্তিকর কমেন্ট করেন। তবে পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি কমেন্টটি সরিয়ে ফেলেন।

বিজ্ঞাপন

এরপর গত সোমবার (৯ জুন) ওই কমেন্ট ফেসবুকে নতুন করে ভাইরাল হয়। এ নিয়ে শাকিলকে ফেসবুকে এবং সোমবার রাতে তার গ্রামের বাড়ির বিভিন্ন এলাকার মানুষজন শাকিলের বাড়িতে গিয়ে তাকে ও তার পরিবারকে হুমকি-ধামকি দেন। এর জের ধরে সোমবার দিবাগত রাত দুইটার দিকে বাড়িতে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে শাকিল আত্মহত্যা করেন।

মৃত্যুর আগে শাকিল নিজ ফেসবুকে তার কাজের জন্য সকলের উদ্দেশ্যে শেষ বারের মতো ক্ষমা চান এবং তার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়- এমন পোস্ট দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি নবী মুহাম্মদ কে কোন কটুক্তি করি নি, আমাকে নিয়ে আমার বাবা অনেক গর্ব করতো, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করতো। আজ আমি আমার নিজের আপন মানুষের কাছে আমার সম্মান হারিয়েছি। আগামীকাল (মঙ্গলবার) আমার বাবা কে সবাই গালি দিবে, আমার মা কে সবাই অসম্মান করবে- “এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারবো না, একটা ছেলে হয়ে নিজের বাবা মায়ের মানসম্মান আমি এভাবে নষ্ট করে দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না, কোনদিন আমি গ্রামে মাথা তুলে চলতে পারবো না। আত্মহত্যা মহা পাপ আমি জানি। আমি অনেক পাপ করেছি, আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি।’

শাকিল আরও লিখেন, ‘ওই কমেন্ট আজ থেকে ৭/৮ মাস আগের, আমি সেটা তখনি ডিলিট করে দিয়েছিলাম। আগামীকাল (মঙ্গলবার) সকাল আমি আর দেখতে চাই না, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার কলেজের বন্ধু আজ আমাকে এই ভাবে ছোট করে দিলো। এই লজ্জা নিয়ে বেঁচে থাকা যায় না..’।

এ ব্যাপারে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, আজ (মঙ্গলবার, ১০ জুন) সকালে বাড়ি থেকে ওই শিক্ষার্থীদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সারাবাংলা/কেকে/আরএস