Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আনচেলত্তির চোখ এখন ২০২৬ বিশ্বকাপ শিরোপায়

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৫ ১০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের বাছাইপর্বের শুরু থেকেই ধুঁকছিলেন তারা। ব্রাজিল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কিনা, সেটা নিয়েই ছিল শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে কার্লো আনচেলত্তির ব্রাজিল পৌঁছে গেছে আগামী বিশ্বকাপের মূল পর্বে। প্যারাগুয়েকে হারানোর পর আনচেলত্তি জানিয়েছেন, এখন ২০২৬ বিশ্বকাপ নিয়েই ভাবছেন তিনি।

লাতিন অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে পৌঁছে গেছে আর্জেন্টিনা। এই মহাদেশ থেকে ৬টি দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে পা রাখার সুযোগ ছিল ব্রাজিলের সামনে। নিজেদের মাঠে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথম জয় পেয়েছেন আনচেলত্তি। এই জয়েই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে সেলেসাওরা।

বিজ্ঞাপন

ব্রাজিলের কোচ হিসেবে প্রথম জয়ের পর উচ্ছ্বসিত আনচেলত্তি, ‘আমরা দারুণ খেলেছি। আমি দলের সবার পারফরম্যান্সে সন্তুষ্ট। বিশ্বকাপের এখনো এক বছর বাকি। বাছাইপর্বের বাকি ম্যাচগুলোতেও এই ফর্মটা ধরে রাখতে চাই। সমর্থকরা আমাদের খেলায় খুশি হলেই আমি আনন্দিত। আমাদের পরবর্তী লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ।’

বিশ্বকাপের আগে দল গুছিয়ে নিতে সামনেড় দিনগুলোতে ব্যস্ত সময় পার করবেন আনচেলত্তি, ‘বিশ্বজুড়ে ব্রাজিলের অনেক ফুটবলার আছে। ৭০ জনের মতো ফুটবলার আছে যারা সবাই বিশ্বকাপে যেতে পারেন। তবে আমাদের ২৫-২৬ জনকে বেছে নিতে হবে। সবাই বিশ্বকাপে যাওয়ার জন্য পরিশ্রম করবে। যারা সেরা তাদেরকেই বেছে নেওয়া হবে।’

সারাবাংলা/এফএম