Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই দিনে ২৮ উইকেট, লর্ডসে রোমাঞ্চকর ৩য় দিনের অপেক্ষা


১৩ জুন ২০২৫ ০৯:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লর্ডসে প্রথম দিনে পড়েছিল ১৪ উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনেও পড়ল ঠিক ১৪ উইকেট! ফাইনালের প্রথম দুইদিনেই ২৮ উইকেটের পতনে জমে উঠেছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার শিরোপা লড়াই। দ্বিতীয় দিন শেষে ২১৮ রানে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অজিরা।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া অজিরা শেষ পর্যন্ত তোলে ২১২ রান। ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাও কূল কিনারা পায়নি। প্যাট কামিন্সের রেকর্ড গড়া স্পেলে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে গেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার শেষ ৬ উইকেট পড়েছে দ্বিতীয় দিনের প্রথম ভাগে। ৭৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

তবে প্রথম ইনিংসের চেয়েও বাজে ব্যাটিং করেছেন অজিরা। প্রোটিয়া পেসারদের দাপটে ছন্নছাড়া অস্ট্রেলিয়া ৭৩ রানেই হারায় ৭ উইকেট। ৪৩ রান করে অ্যালেক্স ক্যারিই শুধু প্রতিরোধ গড়তে পেরেছেন।

দ্বিতীয় দিনশেষে ২ উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়ার লিড ২১৮ রান। তৃতীয় দিনেই তাই হয়ে যেতে পারে এবারের ফাইনালের নিষ্পত্তি।

আগে কখনোই বড় শিরোপা না জেতা দক্ষিণ আফ্রিকার সামনে আজ ইতিহাস গড়ার হাতছানি। আর অজিদের সামনে হাতছানি নতুন রেকর্ড গড়ে টানা দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা ঘরে তোলা।

কামিন্স না বাভুমা, লর্ডসে শেষ হাসি হাসবেন কে? সেটার উত্তর হয়তো পাওয়া যাবে আজকেই।