Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের করোনার সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১৬:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

শুক্রবার (১৩ জুন) সকাল থেকে বন্দর জেটির প্রধান গেইটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। বন্দরে আগত বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া বিদেশি জাহাজের নাবিকদের এ ভাইরাসের প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আগামী ১৫ জুন অফিস খুলছে, সেক্ষেত্রে সকলকে করোনার বিধি-নিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বন্দর হাসপাতাল থেকেও সর্তকতা জারি করা হয়েছে।

কারোর মধ্যে কোন করোনার লক্ষণ দেখা দিলে হাসপাতালের বিশেষ দুইটি নম্বরে যোগাযোগ করতে বলে হয়েছে। এছাড়া বর্তমানে মোংলা বন্দরে আমদানি-রফতানি একেবারেই স্বাভাবিক রয়েছে। জেটিতে লোডিং-আনলোডিং হচ্ছে, আমদানি-রফতানিকারকরা বন্দরে আসছেন তাদের পণ্য লোড-আনলোড করার জন্য। এছাড়াও বন্দরের ফেয়ারওয়েসহ বিভিন্ন পয়েন্টে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এনজে