Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল / স্বপ্নপূরণে বাকি মাত্র ৬৯, ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৫ ০৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের ক্রিকেট ইতিহাসে কখনোই বড় কোনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। বারবার ট্রফি জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসা দক্ষিণ আফ্রিকা নিজেদের গায়ে পাকাপাকিভাবে লাগিয়ে দিয়েছে ‘চোকার্স’ তকমা। সেই দক্ষিণ আফ্রিকাই এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের খুব কাছে। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের চতুর্থ দিনে শিরোপা জিততে প্রোটিয়াদের দরকার মাত্র ৬৯ রান।

প্রথম ইনিংসে ৭৪ রানের লিড নিয়ে চালকের আসনে ছিল অস্ট্রেলিয়াই। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া অলআউট হতে পারত অনেক আগেই। শেষ জুটিতে মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড বেশ ভুগিয়েছে বাভুমাদের।

বিজ্ঞাপন

স্টার্ক-হ্যাজলউড জুটির সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ২৮২ রানের টার্গেট দেয় অজিরা। ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারালেও দলকে পথ দেখিয়েছেন এইডেন মার্করাম। তাকে দারুণভাবেই সঙ্গ দিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা।

মার্করাম দিনের শেষ প্রান্তে এসে ছুঁয়েছেন তিন অংক। তার হার না মানা এক সেঞ্চুরিতেই জয় থেকে নিঃশ্বাস দূরত্বে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। পায়ের ইনজুরি নিয়েও ক্রিজে দাঁতে দাঁত চেপে টিকে আছেন বাভুমা, করেছেন হাফ সেঞ্চুরি। মার্করাম অপরাজিত আছেন ১০২ রানে, বাভুমা করেছেন ৬৫ রান।

শিরোপা জিততে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আর মাত্র ৬৯ রান। লর্ডসে ইতিহাসের পাতায় নাম লেখাতে কতোটা সময় নেবে এই জুটি? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ বিকেলেই।

সারাবাংলা/এফএম