Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের টাকা ছিনতাই

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৪:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর উত্তরায় আজ (শনিবার) র‍্যাব পরিচয়ে নগদ এর ডিস্ট্রিবিউটরের প্রতিনিধিদের কাছ থেকে বড় অঙ্কের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ জুন) সকাল ৯টায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের রোড নম্বর ১২ তে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা বলছেন, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের পথরোধ করে এবং টাকা ভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়।

ঘটনার পর ছিনতাইকারীরা নগদ এর প্রতিনিধিদের উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ নিশ্চিতভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোটি টাকার অধিক ছিল।

বিজ্ঞাপন

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।

নগদ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধি দল রওনা দিয়েছিল। এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে ওই প্রতিনিধিদের গাড়ীতে তুলে পরে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

মূলত শনিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা র‍্যাবের সদর দফতর পরিদর্শনে গেলে ছিনতাইয়ের বিষয়টি জানাজানি হয়।

এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি আমি জানি না। এর কাছ থেকেই প্রথম জানলাম। র‍্যাবের পোশাক পরে আসছে, যদি সে র‍্যাবের হয় তাহলে সেও ছাড়া পাবে না। আপনারা জানেন, র‍্যাবের পোশাক পরে, পুলিশের পোশাক পরে, আনসারের পোশাক পরে অনেকেই এসে অনেক অপকর্ম করছেন। তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ