Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে বিদেশি পিস্তলসহ আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১১:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: জেলার মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোলপ্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

এ সময় গাড়ি থেকে চারটি ৭.৬২ মিলিমিটার চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি জব্দ করা হয়। মাইক্রোবাসটি ১১ যাত্রী নিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে খুলনার দিকে যাচ্ছিল।

আটকরা হলেন- কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস, (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার। আটকরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, এসব দুষ্কৃতকারী ঝিনাইদহ থেকে আসছিল। তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল। তাদের হয়তো বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ